দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি দিল ‘বিন’

দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি দিল ‘বিন’

ছবি: সংগৃহীত

স্থানীয় উদ্ভাবন ও প্রযুক্তির প্রসারে দেশের শীর্ষ ৪৪টি তথ্যপ্রযুক্তি উদ্ভাবনকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস–২০২৬’ বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

এ বছর দেশের বিভিন্ন খাত থেকে মোট ৩৫৫টি উদ্ভাবনী প্রকল্প জমা পড়ে। সেখান থেকে দুই দিনের কঠোর মূল্যায়ন শেষে সেরা ৪৪টি প্রকল্পকে নির্বাচিত করেন ৪০ জন অভিজ্ঞ বিচারক। এর মধ্যে ৯টি চ্যাম্পিয়ন, ১০টি উইনার এবং ২৫টি মেরিট পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, চ্যাম্পিয়ন ও উইনার ক্যাটাগরির উদ্ভাবনগুলো আন্তর্জাতিক মঞ্চে ‘অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশকে শুধু প্রযুক্তির ভোক্তা না হয়ে নিজস্ব গবেষণা ও সক্ষমতায় উৎপাদক ও রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে উঠতে হবে। তরুণদের উদ্ভাবিত এসব প্রযুক্তি আমাদের বাস্তব সমস্যার খাঁটি সমাধান।

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে গবেষণা, উদ্ভাবন এবং ব্যবসায়ের মধ্যে কার্যকর সেতুবন্ধন বা ট্রিনিটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে।

বিআইআইএন-এর চেয়ারম্যান সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)।

এই অনুষ্ঠানে বিভিন্ন খাতের উদ্যোক্তা, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।