দিনাজপুরে নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে আটক ২

দিনাজপুরে নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে আটক ২

প্রতিকি ছবি

পাওনা টাকা চাইতে গিয়ে এক নারীকে কয়েকদিন একটি বাড়িতে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় দিনাজপুরের হাকিমপুর থানায় মামলা ও ওই আসামী দুইজনকে আটক করে পুলিশ। 

মামলার পর হাকিমপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রুহুল আমিন ওরফে রিমন এবং মো. শুকুর আলীকে গ্রেপ্তার করে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি ফেরদৌস মিয়াসহ দুইজন পলাতক রয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন, হাকিমপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার মৃত খালেক মন্ডলের ছেলে রুহুল আমিন ওরফে রিমন এবং একই এলাকার শুকুর আলী ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, হাকিমপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গেলে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ওই নারীকে মোহাম্মদ রুহুল আমিন ওরফে রিমনের বাড়িতে আটকে রাখার অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ওইসময় রুহুল আমিন ওরফে রিমন, শুকুর আলী (৫৫) ও ফেরদৌস মিয়া (৫০) ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। একই সঙ্গে ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগও রয়েছে। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে গিয়ে দুইজনকে আটক করেন। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে শনিবার বিকালে হাকিমপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়চি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে হাকিমপুর থানায় গণধর্ষণের মামলা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মোহাম্মদ রুহুল আমিন ওরফে রিমন এবং মো. শুকুর আলীকে গ্রেপ্তার করে রবিবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।