সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
ফাইল ছবি
সাবেক রাষ্ট্রপতি, খ্যাতিমান চিকিৎসক ও বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০২৪ সালের ৫ অক্টোবর তিনি মারা যান।
এ উপলক্ষে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে বিকল্পধারা বাংলাদেশ। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে কোরআন খতম, তাঁর কবর জিয়ারত, কবরসংলগ্ন মসজিদে জোহরের নামাজের পর তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মাদরাসা ও এতিমখানায় দুপুরের খাবারের ব্যবস্থা করা। ‘ডা. বি. চৌধুরী’ নামে পরিচিত এই রাজনীতিবিদ ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লায় নানাবাডিতে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে বদরুদ্দোজা চৌধুরী রাজনীতিতে আসেন।
১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে নিযুক্ত হন তিনি। জিয়াউর রহমান ও খালেদা জিয়া সরকারের মন্ত্রিসভায় তিনি উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মুন্সীগঞ্জ-১ আসন থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।