দিনাজপুরে পুলিশের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
সংগৃহীত
দিনাজপুরে পুলিশের ৩১ মেধাবী সন্তানের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা। রোববার সন্ধ্যায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুলিশের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন, পুলিশ সুপার মো. জেদান আল মুসা।
পুলিশ সুপার মো. জেদান আল মুসা বলেন, মেধার স্বীকৃতি ও শিক্ষার অগ্রযাত্রাকে উৎসাহিত করার লক্ষ্যে জেলায় পুলিশের কর্মরত ৩১ জন পুলিশ সদস্যের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
এ সময় পুলিশ সুপার মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে সাফল্য কামনা করেন। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের স্বপ্ন পূরণের পথে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, (ক্রাইম অ্যান্ড অপস্) অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, (ট্রাফিক) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।