স্টারলিংক বন্ধে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করলো তেহরান

স্টারলিংক বন্ধে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করলো তেহরান

ছবিঃ সংগৃহিত।

ইরানের ভূখণ্ডে ‘অননুমোদিত’ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের কার্যক্রম বন্ধে নরওয়ের ‘উদাসীনতার’ প্রতিবাদ জানিয়েছে তেহরান। এ ঘটনায় তেহরানে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত পাল বিওর্নেস্তাদকে তলব করেছে ইরান।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, রোববার (৪ অক্টোবর) নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি। এ সময় রাষ্ট্রদূতের হাতে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।

বৈঠকে ইরানি কর্মকর্তা অভিযোগ করেন, মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক সেবা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ‘হস্তক্ষেপমূলক এজেন্ডা’ বাস্তবায়নে পদ্ধতিগতভাবে ব্যবহার করছে।

পিরকুহি আরও অভিযোগ করেন, জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে (আইটিইউ) স্টারলিংক সেবার নিবন্ধনকারী রাষ্ট্র হিসেবে নরওয়ে তার আইনগত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে।

ইরানের ওই কর্মকর্তা বলেন, আইটিইউর রেডিও রেগুলেশনস বোর্ডের (আরআরবি) নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অননুমোদিত সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নরওয়ে সরকারের।

তিনি অভিযোগ করেন, ইরানের জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন কার্যক্রম বন্ধে তেহরানের পক্ষ থেকে নরওয়েকে একাধিকবার অনুরোধ করা হলেও দেশটি তা উপেক্ষা করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নরওয়ের এই নিষ্ক্রিয়তার কারণে ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অননুমোদিত কার্যক্রম অব্যাহত রয়েছে।