পুরভরা মেথি পরোটা তৈরির সহজ রেসিপি

পুরভরা মেথি পরোটা তৈরির সহজ রেসিপি

ছবিঃ সংগৃহীত।

দিনের শুরুর নাশতা বা বিকেলের নাশতায় পরিবেশন করতে পারেন সুস্বাদু পুরভরা মেথি পরোটা।ঘরেই সহজে তৈরি করা যায় এই পদ।

উপকরণ

ময়দা — ৩ কাপ

মেথি পাতা কুচি — ২ কাপ

তেল — ৩ টেবিল চামচ

পানি — প্রায় ১ কাপ

লবণ — স্বাদ অনুযায়ী

জিরার গুঁড়া — আধা চা-চামচ

কাসৌরি মেথি — ১ টেবিল চামচ

রসুন কুচি — ১ টেবিল চামচ

ধনেপাতা কুচি — পরিমাণমতো

কাঁচা মরিচ কুচি — স্বাদ অনুযায়ী

পেঁয়াজ কুচি — সিকি কাপ

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে এর সঙ্গে লবণ ও ৩ টেবিল চামচ তেল মিশিয়ে নিন। হাত দিয়ে ভালোভাবে মেশাতে হবে, যাতে ময়দার সঙ্গে তেল মিশে ঝুরঝুরে ভাব আসে।

এবার অল্প অল্প করে পানি দিয়ে ময়দা মেখে শক্ত খামির তৈরি করুন। খামির তৈরি হয়ে গেলে ঢেকে প্রায় ৩০ মিনিট রেখে দিন।

এবার তৈরি করতে হবে পরোটার পুর। মেথি পাতা হালকা ভাপিয়ে নিন।

এরপর একটি পাত্রে ভাপানো মেথি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ, ধনেপাতা, জিরার গুঁড়া, কাসৌরি মেথি ও প্রয়োজনমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ময়দার খামিরটি ১০টি সমান ভাগে ভাগ করুন। একইভাবে মেথির পুরও ১০ ভাগ করে নিন।

প্রতিটি ময়দার বলের মাঝখানে এক ভাগ করে পুর দিয়ে চারপাশ থেকে ভালোভাবে বন্ধ করে দিন। এবার হালকা হাতে বেলে পরোটার আকার দিন। খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, তাহলে পুর বাইরে বেরিয়ে যেতে পারে।

ফ্রাইপ্যানে সামান্য তেল বা ঘি দিয়ে একে একে পরোটাগুলো দুই পাশ থেকে ভালোভাবে সেঁকে নিন। পরোটা হালকা বাদামি ও খসখসে হয়ে এলে নামিয়ে ফেলুন। গরম গরম পুরভরা মেথি পরোটা রায়তা, দই কিংবা তাজা সালাদের সঙ্গে পরিবেশন করুন।