বরিশালে ইউপি সদস্যের ঘরে দ্বিতীয় দফায় চুরি
প্রতিকি ছবি
বরিশালের গৌরনদীতে আড়াই মাসের ব্যবধানে সংরক্ষিত ইউনিয়ন পরিষদের সদস্যের ঘরে দ্বিতীয় দফায় চুরির ঘটনা ঘটেছে।
রবিবার দিবাগত রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য হেলেনা আক্তারের খাঞ্জাপুর গ্রামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, সংঘবদ্ধ চোরেরা ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে পানির মোটর, এলইডি টেলিভিশনসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।
ইউপি সদস্য হেলেনা আক্তার জানান, রাতে তিনি ও পরিবারের সদস্যরা বরিশাল শহরের বাসায় ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা তার গ্রামের বাড়ির বসতঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা পানির মোটর, এলইডি টেলিভিশনসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।
এর আগে গত ১৪ জুলাই দিবাগত রাতেও সংঘবদ্ধ দুর্বৃত্তরা ইউপি সদস্য হেলেনা আক্তারের ঘরের গেট ও ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ভেঙে নগদ ৪০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে