আবারও তুরস্ককে হারাল ইতালি
সংগৃহীত ছবি
ফিফা উইন্ডোর শুরুটা হয়েছিল হার দিয়ে। তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি ইতালি।
তার প্রমাণ সর্বশেষ ৩ ম্যাচে অপরাজিত তারা।
গতকাল ঘরের মাঠে তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয় পেয়েছে ইতালি। এর আগে প্রতিপক্ষকে ৪-১ গোলে হারিয়েই জয়ে ফিরেছিল তারা। মাঝে ফ্রান্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করে চারবারের বিশ্বকাপজয়ীরা।
ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় ইতালি। জিওভান্নি দি লরেঞ্জোর ক্রসে থেকে দারুণ হা-ভলিতে গোলটি করেন জিয়ানলুকা স্কামাক্কা। তার সেই গোলে পরে বিরতিতে যায় তারা।
বিরতির পর অবশ্য ম্যাচে ফেরে তুরস্ক।
৬১ মিনিটে সমতায় ফেরানো গোলটি করেন আরাল সিমসির। তবে ম্যাচে ফেরার আনন্দ খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি। ৩ মিনিট পরেই তাদের পিছিয়ে পড়তে হয়।
এবার ৬৪ মিনিটে ইতালিকে লিড এনে দেন রিকার্দো ক্যালাফিওরি। গোলটি করেন হেডে।
আর প্রতিপক্ষের জালে শেষ বল জড়ান ফ্রানসেস্কো এস্পোসিতো। সতীর্থ আলেসান্দ্রো রোমানোর পাস থেকে ৮৭ মিনিটে গোল করেন এস্পোসিতো।
এ জয়ে ‘গ্রুপ-১’ এর পয়েন্ট টেবিলে দুইয়ে ফিরেছে ইতালি। ২ জয় ও ১ টি করে ড্র-হারে তাদের পয়েন্ট ৭। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। ৬ পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম। সবার শেষে থাকা তুরস্ক কোনো পয়েন্ট পায়নি।