তুরস্কে কোরআন শিক্ষা কোর্সে বাংলাদেশের ৭ নারী
সংগৃহীত
তুরস্কের ইস্তাম্বুলে আজিম মাহমুদ হুদাইয়ি ফাউন্ডেশনের দুই বছর মেয়াদি কোরআন শিক্ষা কোর্সে অংশ নিতে বাংলাদেশ থেকে সাত নারী ইস্তাম্বুলে পৌঁছেছেন।
সোমবার (৫ অক্টোবর) ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক বার্তায় জানায়, তুরস্কের প্রেসিডেন্সির সঙ্গে আনুষ্ঠানিকভাবে অধিভুক্ত আজিম মাহমুদ হুদাইয়ি ফাউন্ডেশন প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণকারীদের এ বৃত্তি দিয়েছে।
ইস্তাম্বুলে পৌঁছানোর পর তাদের উষ্ণ অভ্যর্থনা জানান ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেলের সহধর্মিণী ও শিক্ষক মারুফা বিনতে ইব্রাহিমি।
বৃত্তির আওতায় অংশগ্রহণকারীদের যাওয়া-আসার বিমান টিকিট, আবাসন, খাবার, চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণের ব্যয় বহন করবে ফাউন্ডেশন।
দুই বছর মেয়াদি এ কোর্সে কোরআন, হাদিস ও ফিকহসহ ইসলামের মৌলিক জ্ঞান শিক্ষার পাশাপাশি তাদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, প্রতিরোধমূলক চিকিৎসা এবং শিষ্টাচার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
কোর্সের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা তুর্কি ভাষা শিখবেন।
পাশাপাশি বিভিন্ন কথোপকথনমূলক সেশন, সেমিনার, কর্মশালা ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকবে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শনে শিক্ষা সফরেরও আয়োজন করা হবে।
বাংলাদেশি নারীদের জন্য এ বৃত্তির সুযোগ দেওয়ায় হুদাইয়ি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।