বরগুনা থেকে অপহৃত কিশোরী গাইবান্ধায় উদ্ধার, গ্রেপ্তার ১

বরগুনা থেকে অপহৃত কিশোরী গাইবান্ধায় উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতিকি ছবি

বরগুনার আমতলী থেকে অপহৃত এক কিশোরীকে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ ঘটনায় মামলার প্রধান আসামি ও কিশোরীর ফুপা আমিরুল ইসলাম আমিরকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাতে সুন্দরগঞ্জ উপজেলার মতিনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমিরুল ইসলাম উপজেলার রামধন এলাকার মৃত আব্দুল মতিন মিয়ার ছেলে।

এসআরবি-১৩ জানায়, গত ২৭ সেপ্টেম্বর কিশোরীটি বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তার বাবা আমতলী থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর তিনি জানতে পারেন, তার বোনের স্বামী আমিরুল ইসলাম মেয়েকে নিয়ে বাসযোগে অজ্ঞাত স্থানে চলে গেছেন। পরে তিনি আমতলী থানায় অপহরণ মামলা করেন।

ঘটনার পর এসআরবি গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এসআরবি-১৩ গাইবান্ধা ও এসআরবি-৮ পটুয়াখালীর যৌথ দল সুন্দরগঞ্জের মতিনপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে আমিরুল ইসলামকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, উদ্ধার কিশোরী ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।