খাগড়াছড়ি সদর হাসপাতালের স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর
ছবি: সংগৃহীত
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মারাত্মক তীব্র অপুষ্টিতে (স্যাম) আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা আরও কার্যকর ও মানসম্মত করতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও লজিস্টিকস হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মিলনায়তনে এসব সরঞ্জাম হস্তান্তর করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, ‘মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাবারাং কল্যাণ সমিতির প্রতি কৃতজ্ঞতা জানাই। এ ধরনের সহায়তার মাধ্যমে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা ও সেবা নিশ্চিত করা সম্ভব হবে।’
তিনি হস্তান্তর করা সরঞ্জামগুলোর যথাযথ ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রিপল বাপ্পি চাকমা। বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা রিমি চাকমা ও জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।
অনুষ্ঠান পরিচালনা করেন খাগড়াছড়ি সদর উপজেলার উপজেলা সমন্বয়কারী মিহির কান্তি ত্রিপুরা। এ সময় প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস কর্মকর্তা জোনাকি ত্রিপুরাসহ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও স্যাম ইউনিটের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।