নিজস্ব জমি-ভবনের দাবিতে বিয়াম স্কুলের শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

নিজস্ব জমি-ভবনের দাবিতে বিয়াম স্কুলের শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

ছবি: সংগৃহীত

মাদারীপুরে নিজস্ব জমি, স্থায়ী ক্যাম্পাস ও বহুতল ভবনের দাবিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

‘নিজস্ব জমি চাই, বহুতল ভবন চাই’সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধনে অংশ নেন। এ সময় বিদ্যালয়ের নামে নিজস্ব জমি ও বহুতল ভবন নির্মাণের দাবি জানান তারা।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, বিয়াম ল্যাবরেটরি স্কুল দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে ভূমিকা রেখে আসছে। তবে নিজস্ব জমি ও পর্যাপ্ত অবকাঠামো না থাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও পড়াশোনার পরিবেশের কথা বিবেচনা করে দ্রুত বিদ্যালয়ের নামে নিজস্ব জমির ব্যবস্থা করা প্রয়োজন।

অভিভাবক আকলিমা, সুইটি, নাদিরা, দোলা, শিরিনা, মোকলেস, মামুন, দেলবার, দিদার, বেলাল রিজভী ও ফরিদ উদ্দিনসহ কয়েকজন বলেন, ‘আমাদের সন্তানদের ভালো শিক্ষার জন্য আমরা নিয়মিত বিদ্যালয়ে পাঠাই। কিন্তু একটি প্রতিষ্ঠানের নিজস্ব জমি ও স্থায়ী অবকাঠামো না থাকাটা দুঃখজনক। আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক এবং বিদ্যালয়ের জন্য নিজস্ব জমির ব্যবস্থা করুক।’

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, ‘আমরা সুন্দর ও নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে চাই। বিদ্যালয়ের নিজস্ব জমি ও একটি আধুনিক ভবন হলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও আরও ভালোভাবে অংশ নিতে পারব।’

অভিভাবকরা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নত হলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশও আরও ভালো হয়। তাই বিদ্যালয়ের নামে নিজস্ব জমি বরাদ্দের উদ্যোগ নেওয়া এবং সেখানে পরিকল্পিত বহুতল ভবন নির্মাণের ব্যবস্থা করা প্রয়োজন।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।