পাকিস্তানে পৃথক অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত
ছবিঃ সংগৃহিত।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার (৭ অক্টোবর) 'আজম-ই-ইস্তেহকাম' নীতিমালার আওতায় পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে জানা যায়, খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা 'ফিতনা আল-খাওয়ারিজ' গোষ্ঠীর ১৩ জন সদস্য নিহত হয়।
অন্যদিকে, বেলুচিস্তানের মাস্তুং জেলায় পৃথক অভিযানে 'ফিতনা আল-হিন্দুস্তান' সংশ্লিষ্ট ৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে। বর্তমানে ওই অঞ্চলে তল্লাশি ও ক্লিয়ারেন্স অভিযান অব্যাহত রয়েছে।
নিরাপত্তা বিশ্লেষক ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরে তীব্র নিরাপত্তা সংকট চলছে।
সাম্প্রতিক মাসগুলোতে এসব অঞ্চলে সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
সূত্র: ডন