ময়মনসিংহে কৃষক হত্যার দায়ে ৩ ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহে কৃষক হত্যার দায়ে ৩ ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন

ছবিঃ সংগৃহিত।

ময়মনসিংহের নান্দাইলে পূর্বশত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবিকে কুপিয়ে হত্যার দায়ে তিন ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাশাপাশি যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।   

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।   

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- মোজাম্মেল হক স্বপন, মো. আপন মিয়া ও রিপন মিয়া ওরফে জিবু। তারা তিনজনই আপন ভাই। তাদের মধ্যে রিপন মিয়া পলাতক রয়েছেন।   

যাবজ্জীবনপ্রাপ্ত ১০ আসামি হলেন- আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল। তাদের মধ্যে আসাদুল পলাতক রয়েছেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইলের চর ভোলামরি এলাকার হযরত আলীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবি স্থানীয় চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকার একটি কাপড়ের দোকানে বসেছিলেন। জমি নিয়ে পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তার ওপর হামলা চালায় এবং কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে নান্দাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।   

মামলার তদন্ত প্রক্রিয়া শেষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।   

ময়মনসিংহ আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৩ জন আসামির মধ্যে ১১ জনের উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিপন মিয়া এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আসাদুল বর্তমানে পলাতক রয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ. কে. এম. আমানউল্লাহ বাদল।