গাজীপুরে গণশুনানিতে ৩৯ মানুষের সমস্যা শুনলেন জেলা প্রশাসক

গাজীপুরে গণশুনানিতে ৩৯ মানুষের সমস্যা শুনলেন জেলা প্রশাসক

ছবি: সংগৃহীত

গাজীপুরে গণশুনানিতে ৩৯ জন অসহায়, হতদরিদ্র ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের কথা শুনেছেন জেলা প্রশাসক মো. নূরুল কবির ভূঁইয়া। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের বিভিন্ন সমস্যা শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেন তিনি।

গণশুনানিতে কেউ জমি-সংক্রান্ত জটিলতা, কেউ চিকিৎসা সহায়তা, আবার কেউ পারিবারিক ও সামাজিক সমস্যার কথা তুলে ধরেন। গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জয়দেবপুর এলাকার আঞ্জুমানারা বেগম আর্থিক সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে আসেন। তার সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হয়।

কাশিমপুর এলাকা থেকে আসা মো. আব্দুল হাই পারিবারিক কবরস্থানের জমিতে সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ জানান। অসুস্থ নাজমা আক্তার (৬৫) তার ও স্বামীর শারীরিক অসুস্থতার কথা জানালে জেলা প্রশাসক দাঁড়িয়ে তার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করেন।

এ ছাড়া মহানগরের উত্তর বিলাসপুরের দীপু রানী শ্বশুরের জমি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেন। গার্মেন্টস শ্রমিক কামরুল হাসানসহ অন্য ভুক্তভোগীরাও তাঁদের সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

জেলা প্রশাসক বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ সাতটি জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। যোগ্য রোগীদের প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে এ সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।

মো. নূরুল কবির ভূঁইয়া বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বুধবার গণশুনানির দিন। তবে প্রতিদিনই অসহায় মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসকের কাছে আসেন। তাদের কথা শুনে যথাসম্ভব দ্রুত ও তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।

গণশুনানিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।