চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী আনিকা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৭ ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর-বেলপাড়া রুবেলের ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আনিকা খাতুন সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর বেলপাড়া গ্রামের আনিকুল ইসলামের মেয়ে। সে জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে বাড়ির অদূরে পদ্মা নদীর একটি সরু শাখায় গোসলের জন্য যায় আনিকা। গোসলে নামার পর সে পানিতে ডুবে নিখোঁজ হয়। স্বজনরা খোঁজাখুঁজি করে আনিকার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। রাত ৮টা পর্যন্ত ফয়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা করেও আনিকাকে উদ্ধার করতে পারেনি।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আনিকার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।