রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি

সংগৃহীত ছবি

রাশিয়ার কাছ থেকে ডিজেল সরবরাহের সুযোগ দিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, রাশিয়ার সঙ্গে স্পষ্ট ও দীর্ঘস্থায়ী উত্তেজনা প্রশমনের চুক্তি ছাড়া নিষেধাজ্ঞা শিথিল করা ওয়াশিংটনের স্পষ্ট দুর্বলতার পরিচয়। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই লাভবান হবেন এবং মস্কোর যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা বাড়বে বলেও মন্তব্য করেছেন তিনি।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রাশিয়ার ডিজেল বিশ্ববাজারে সরবরাহের অনুমতি দিতে সাময়িক সাধারণ লাইসেন্স জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। এর ফলে রাশিয়ার কাছ থেকে ৩ লাখ টন ডিজেল সরবরাহের পথ উন্মুক্ত হয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে উত্তেজনা স্থায়ীভাবে কমানোর স্পষ্ট সমঝোতা ছাড়া নিষেধাজ্ঞা শিথিল করা ‘স্পষ্ট দুর্বলতা’।

পুতিনকে এ ধরনের সুবিধা দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, বরং এতে সভ্য বিশ্বের কোনো উপকার হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জেলেনস্কি সতর্ক করে বলেন, পুতিনকে এ ধরনের সুবিধা দেওয়ার প্রতিদানে রাশিয়া আরও সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার পথ বেছে নেবে। তিনি বলেন, রাশিয়াকে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রির সুযোগ দেওয়া মানে এমন একটি যুদ্ধে বিনিয়োগ করা, যে যুদ্ধের অবসান হওয়া উচিত, দীর্ঘায়িত হওয়া নয়।

নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তে নতুন বিতর্ক

রাশিয়ার জ্বালানি খাতের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার অন্যতম উদ্দেশ্য হলো দেশটির রাজস্ব কমিয়ে সামরিক অভিযানের সক্ষমতা সীমিত করা। তবে জ্বালানি সরবরাহে বৈশ্বিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রে মূল্যবৃদ্ধির চাপের মধ্যে  সাময়িকভাবে রুশ ডিজেল বিক্রির অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন।

ওয়াশিংটনের এই পদক্ষেপের পেছনে জ্বালানির সরবরাহ বাড়ানো এবং বাজারে মূল্যচাপ কমানোর লক্ষ্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু জেলেনস্কির বক্তব্য, রাশিয়ার সঙ্গে স্থায়ী সমঝোতা ছাড়া নিষেধাজ্ঞা শিথিল করলে তা মস্কোর জন্য কৌশলগত সুবিধা তৈরি করবে।

ডিজেলের বাজার স্থিতিশীল করার মার্কিন উদ্যোগ এবং রাশিয়ার বিরুদ্ধে চাপ বজায় রাখার ইউক্রেনের অবস্থানের মধ্যে নতুন টানাপোড়েন তৈরি হয়েছে। জ্বালানি সরবরাহের এই সিদ্ধান্ত সাময়িকভাবে বাজারে স্বস্তি আনবে, নাকি রাশিয়াকে আরও শক্তিশালী করবে— তা নির্ভর করবে চুক্তির বাস্তবায়ন এবং চলমান যুদ্ধের গতিপ্রকৃতির ওপর।

তথ্যসূত্র : আল-জাজিরা