সকালে হাঁটতে বেরিয়ে ঘরে ফেরা হলো না ২ নারীর
ছবি: সংগৃহীত
প্রতিদিনের মতো আজ সকালেও প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন দুই নারী। হাঁটা শেষে বাড়িতে ফেরার কথা ছিল তাদের। হয়তো স্বজনেরাও অপেক্ষায় ছিলেন তাদের ফেরার। কিন্তু সেই ফেরা আর হলো না। বাড়ি ফেরার আগেই দ্রুতগতির একটি সিমেন্টবাহী ট্রাকের চাপায় প্রাণ হারালেন তারা। মুহূর্তেই থেমে গেল দুটি জীবন, স্বজনদের অপেক্ষা পরিণত হলো শোকে।
শনিবার (১০ অক্টোবর) ভোরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালাপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই নারী হলেন— লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বালাপাড়া এলাকার জহিলা বেগম (৫৫), তিনি আজিজারের স্ত্রী এবং একই এলাকার ফজিলা বেগম (৫০), তিনি আব্দুল করিমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই দুই নারী প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন। এ সময় দ্রুতগতির একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চালক ও হেলপারকে আটক করেন বলে জানা গেছে।
লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহম্মেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।