পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী নীলম মুনির

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী নীলম মুনির

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নীলম মুনিরের ঘর আলো করে এসেছে নতুন অতিথি।পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নীলম।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর স্বামী মুহাম্মদ রশিদের এক ঘনিষ্ঠ বন্ধুর টিকটক পোস্টের মাধ্যমে নীলমের মা হওয়ার খবরটি প্রকাশ্যে আসে। ওই পোস্টে নবদম্পতিকে পুত্রসন্তানের জন্মের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি নবজাতকের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো এ বিষয়ে কোনো ঘোষণা দেননি নীলম মুনির বা তার স্বামী।

ফলে অভিনেত্রীর ভক্তরা তার নিজের মুখে সুখবরটি শোনার অপেক্ষায় রয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানি ড্রামা সিরিজ ‘দিল মম কা দিয়া’-তে উলফাত চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান নীলম। এ ছাড়া তাকে দেখা গেছে ‘কয়েদ-ই-তানহায়ে’, ‘কায়ামাত’, ‘কাহি দ্বিপ জালে’ সিরিজেও। নাটকের বাইরে নীলম ‘ছুপান ছুপাই’, ‘রঙ নাম্বার ২’ এবং ‘চক্কর’-এ অভিনয় করেছেন।

২০২৫ সালের জানুয়ারিতে দুবাইয়ে মুহাম্মদ রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই এই অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ রয়েছে। এবার মা হওয়ার খবর ছড়িয়ে পড়ায় তাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।