আটকদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা ওয়াংচুকের
ছবিঃ সংগৃহীত।
বিক্ষোভ ঘিরে আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন বা পদযাত্রা কর্মসূচির কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়ার এক বার্তায় এ কথা বলেছেন তিনি।
বার্তায় তিনি বলেন, গতকাল যখন আমি আজকের বিক্ষোভে ঐক্য ও শান্তির জন্য আবেদন জানিয়ে একটি বার্তা পোস্ট করেছিলাম, তখন কল্পনাও করতে পারিনি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একটি অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়বে।
আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য অনেক নেতা এগিয়ে এসেছেন দেখে খুশি হয়েছিলেন জানিয়ে ওয়াংচুক বলেন, পরে জানতে পেরেছেন তাদের সবাইকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বার্তায় তিনি আরও বলেন, আগামীকালের মধ্যে তাদের মুক্তি দেওয়া না হলে অনশন অথবা পদযাত্রা কর্মসূচি পালনের বিষয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে।