‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, দিল্লিতে বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের
ছবিঃ সংগৃহীত।
ভারতের ভোটারদের অধিকার ও সংবিধান রক্ষার দাবিতে আগামী সোমবার (১২ অক্টোবর) দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’।
শনিবার (১০ অক্টোবর) কেরালার আলপ্পুঝায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কর্মসূচির কথা জানান সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।
কে সি বেণুগোপাল বলেন, সংবিধানের সুরক্ষা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলনের অংশ হিসেবেই রাজধানীতে এই বিক্ষোভের আয়োজন করা হচ্ছে। এ বিষয়ে উদ্বেগ জানাতে সম্প্রতি জোটের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার ভারতের প্রধান বিচারপতির সঙ্গেও তাদের সাক্ষাতের কথা রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেয়ার ‘অপচেষ্টার’ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনারকে আড়াল করার এই প্রক্রিয়াই মোদি ও শাহের পতনের কারণ হবে।’
তিনি আরও দাবি করেন, ‘প্রধানমন্ত্রী মোদির আচরণ দেখে মনে হচ্ছে, তিনি পতনের দ্বারপ্রান্তে রয়েছেন। বিরোধীদের আন্দোলনকে তিনি ভয় পাচ্ছেন।’
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন, মেট্রো স্টেশনে বিধিনিষেধ এবং রেল চলাচলে বিঘ্নের খবর পাওয়া গেছে। এসব পদক্ষেপ নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে।