ঘরে প্রবেশের সময় সালাম দেবেন যেভাবে

ঘরে প্রবেশের সময় সালাম দেবেন যেভাবে

ফাইল ছবি

বাইরে থেকে ঘরে ফেরার সময় পরিবারের সদস্যদের সালাম দেওয়া ইসলামী শিষ্টাচারের গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তায়ালা বলেন, তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে, তখন পরস্পরের প্রতি সালাম করবে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বরকতময় ও পবিত্র অভিবাদন। (সুরা নুর, আয়াত: ৬১)

এই আয়াত থেকে বোঝা যায়, নিজের ঘরে প্রবেশের সময়ও সালাম দেওয়া উচিত। ঘরে কেউ থাকুক বা পরিবারের সদস্যরা অন্য কাজে ব্যস্ত থাকুক, প্রবেশের সময় সালাম দেওয়া একজন মুসলমানের সুন্দর অভ্যাস হতে পারে।

রাসুলুল্লাহ (সা.) সালামের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা নিজেদের মধ্যে সালাম প্রচার করো। (সহিহ মুসলিম)

ঘরে প্রবেশের সময় সালাম দেওয়ার মধ্যে পারিবারিক জীবনের জন্যও গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। দিনের ব্যস্ততা, কাজের চাপ কিংবা নানা কারণে পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু ঘরে ঢোকার সময় সালাম সেই দূরত্ব কমিয়ে আন্তরিকতার পরিবেশ তৈরি করতে পারে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে এবং সন্তানরা বাবা-মাকে সালাম দিলে পরিবারের মধ্যে পারস্পরিক সম্মান ও ভালোবাসা বাড়ে।

বাড়ি বা ঘরে কেউ না থাকলেও প্রবেশের সময় সালাম দেওয়া উচিত। কারণ ফেরেশতা এবং নেক জিনেরা এই সালামের উত্তর দেয়। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) যখন তিনি ঘরে প্রবেশ করতেন এবং ঘরে কেউ না থাকত, তখনও তিনি ‘আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন’ বলে সালাম দিতেন।