২ শতাংশ গবেষকের তালিকায় চবির ৭ শিক্ষক
ফাইল ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাত শিক্ষক স্থান পেয়েছেন বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায়। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথ জরিপে প্রকাশিত এ তালিকায় গবেষকদের বিভিন্ন সূচকের ভিত্তিতে তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) এ তালিকা প্রকাশ করা হয়।
গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, ধারাবাহিকতা এবং সহলেখকদের প্রভাব ও সমন্বিত স্কোরের গাণিতিক বিশ্লেষণের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে। এ স্বীকৃতি আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন।
তালিকায় স্থান পাওয়া চবির সাত গবেষক হলেন—উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএনএম আলমগীর, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এসএম আবে কাউছার ও একই বিভাগের প্রভাষক ইমরানুল কবির, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক ড. এসএম শরিফুজ্জামান।
এ অর্জনে আনন্দ প্রকাশ করে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “আমাদের সহকর্মীরা এমন সম্মানজনক স্থান অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চেয়েছি এবং সেই লক্ষ্যেই কাজ করে চলেছি। আমরা চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণার চারণভূমিতে পরিণত হোক।”