টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
প্রতিকি ছবি
গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুর আলীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার (১০অক্টোবর) রাতে নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত শুক্কুর আলী (৪০) টঙ্গীর পূর্ব আরিচপুর নতুন বাজার রেলগেট এলাকার হান্নান মিয়ার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের টঙ্গী পূর্ব থানার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুর নতুন বাজার রেলগেট এলাকায় অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একদল পুলিশ রাত তিনটার দিকে ওই এলকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃত আসামিকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।