শেষ মুহূর্তে তুলির আঁচড়ে দেবীকে সাজাতে ব্যস্ত শিল্পীরা
ছবি: সংগৃহীত
আর মাত্র কয়েক দিন পরই শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ উৎসবকে ঘিরে মুন্সীগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবী দুর্গার প্রতিমায় শেষ মুহূর্তের তুলির আঁচড় দিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। মাটির কাজ শেষ করে প্রতিমায় রং করা, চোখ আঁকা ও সাজসজ্জার কাজ নিয়ে এখন তাদের দম ফেলার ফুরসত নেই।
মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন প্রতিমা তৈরির কারখানা ঘুরে দেখা যায়, কোথাও প্রতিমার গায়ে রং দেওয়া হচ্ছে, কোথাও চলছে চোখ আঁকা ও অলংকারের কাজ। শিল্পীদের নিপুণ হাতে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমা। প্রতিটি প্রতিমাকে আকর্ষণীয় করে তুলতে দিন-রাত পরিশ্রম করছেন তাঁরা। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করে মণ্ডপে পৌঁছে দিতে ব্যস্ততার শেষ নেই কারিগরদের।
মৃৎশিল্পীদের নিপুণ কারুকাজে প্রতিমাগুলোতে ফুটে উঠছে দেবীর সৌন্দর্য। মাটি, খড় ও বাঁশের কাঠামো থেকে শুরু করে রং ও সাজসজ্জার প্রতিটি ধাপেই রয়েছে তাঁদের শ্রম ও সৃজনশীলতা। বছরের এই সময়টিতে প্রতিমা তৈরির কাজ ঘিরে কর্মচাঞ্চল্য বাড়ে কারিগরদের মধ্যে। আর প্রতিমার শেষ সাজসজ্জা দেখতে কারখানাগুলোতেও ভিড় করছেন অনেকে।
সদর উপজেলার মানিক পালের ছেলে আকাশ পাল জানান, আমার দাদুর আমল থেকে আমরা এই প্রতিমা তৈরির কাজ করছি। এবার আমরা ২২ টি প্রতিমা তৈরি করছি।
মিরকাদীমে মৃৎশিল্পী মানিক পালের কারখানায় কাজ করা একজন মৃৎশিল্পী জানান, আমি প্রায় ২৫ বছর যাবৎ কাজ করছি। এবারও কাজ করতে মানিক পালের কারখানায় টাঙ্গাইল থেকে এসেছি।
এদিকে দুর্গাপূজাকে সামনে রেখে জেলার পূজামণ্ডপগুলোতেও চলছে প্রস্তুতি। পূজার আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে মণ্ডপ সাজানো, আলোকসজ্জা এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ এগিয়ে চলছে। জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন এবং সন্ধ্যা ৭টার আগে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মুন্সীগঞ্জের ছয়টি উপজেলায় এবার ৩৫৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পূজাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সব মিলিয়ে দুর্গাপূজাকে ঘিরে মুন্সীগঞ্জজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতিমার শেষ সাজসজ্জা সম্পন্ন করে দেবী দুর্গাকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। এখন তাঁদের অপেক্ষা মহাষষ্ঠীর, যে দিন দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।