চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

ফাইল ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ও লোহাগাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ দুই দুর্ঘটনায় এক শিশুসহ আরও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার (১০ অক্টোবর) রাত ১০টা থেকে রাত ১টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হারুন জানান, শনিবার দিবাগত রাতে মহাসড়কের পটিয়ার শান্তিরহাট এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয় ‘পূর্বাশা পরিবহন’-এর একটি বাস। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক মো. জিশানের (৩০) মৃত্যু হয়। তিনি সাতকানিয়া উপজেলার বাসিন্দা। এ সময় মো. হাসান (৩৮) নামের আরও একজন আহত হন। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে হাইওয়ে পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে লোহাগাড়া উপজেলার হাতিয়ারপুল এলাকায় মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামমুখী সড়ক ধরে যাওয়ার সময় কক্সবাজারগামী একটি বাস ধাক্কা দিলে স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪০) ও আরিফ (১২) নামের এক শিশু আহত হয়। তাদের বাড়ি চুনতি এলাকায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।