ছায়া সংসদ বিতর্কে হলি ফ্যামিলিকে হারিয়ে চ্যাম্পিয়ন বুটেক্স

ছায়া সংসদ বিতর্কে হলি ফ্যামিলিকে হারিয়ে চ্যাম্পিয়ন বুটেক্স

সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন বেশি কার্যকর—এমন প্রস্তাবের ওপর আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজকে পরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিতার্কিক দল।

শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এটিএন বাংলাতে এ বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন বেশি কার্যকর’। এতে সরকারি দল হিসেবে অংশ নেয় বুটেক্স এবং বিরোধী দল হিসেবে অংশ নেয় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জামিউল আহসান শিপু, সাংবাদিক নাদিয়া শারমিন, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক মিরাজ মাহবুব ইফতি।

বুটেক্স ডিবেটিং ক্লাবের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন মাহমুদুল হাসান, সাদ আল আশরাফি, মো. শহীদুল ইসলাম, রাশেদুল ইসলাম রাশেদ ও সেমন্তি তাহের অর্পি।

বিজয়ী দলের বিতার্কিক মাহমুদুল হাসান বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় পর্যায়ে বিতর্ক করা এবং নিজের বিশ্ববিদ্যালয়কে তুলে ধরা আমার জন্য গর্বের। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তি ও তথ্যের মাধ্যমে জনসচেতনতা তৈরির সুযোগ পাওয়া আমার কাছে বিশেষ প্রাপ্তি। বিশ্বাস করি, বিতর্কের মঞ্চে আমাদের প্রতিটি যুক্তি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং একটি সচেতন প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখবে।”

দলের আরেক বিতার্কিক সাদ আল আশরাফি বলেন, “আমাদের এই অর্জন আমরা বুটেক্সডিসিকে উৎসর্গ করছি। আমি দলের সকল সদস্যদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে বিতর্ক অঙ্গনে বুটেক্সডিসির এই বিজয়ের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা রাখি।”

প্রতিযোগিতায় বুটেক্সের বিতার্কিকদের যুক্তি, প্রাঞ্জল উপস্থাপনা ও তথ্যনির্ভর বিশ্লেষণ বিচারকমণ্ডলীর কাছে অধিক গ্রহণযোগ্য বিবেচিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।