ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

ছবিঃ সংগৃহিত।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ভেতরে ঢুকে স্বর্ণ ও রুপার অলংকার, ছয়টি মূর্তি এবং ভক্তদের প্রণামী বাক্সের টাকা নিয়ে গেছে চোরেরা।

সোমবার (১২ অক্টোবর) সকালে মন্দিরের পূজারি এসে চুরির বিষয়টি দেখতে পান। এর আগে রোববার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।

মন্দির-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে তারা স্বর্ণ ও রুপার অলংকারসহ পিতল ও অন্যান্য ধাতু দিয়ে তৈরি মোট ছয়টি মূর্তি নিয়ে যায়। এ সময় ভক্তদের প্রণামী বাক্সের টাকাও লুট করা হয়। মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বাক্সে প্রায় ছয় মাসের প্রণামীর টাকা জমা ছিল।

সকালে পূজা দিতে এসে চুরির বিষয়টি দেখতে পান পুরোহিত। পরে তিনি মন্দির পরিচালনা কমিটির সংশ্লিষ্টদের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী জানান, সকালে পূজা দিতে এসে চুরির ঘটনা দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। রাত ৯টার পর থেকে সকালবেলার মধ্যে কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ জানান, সকালে চুরির খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। মন্দিরের পেছনের দিকের গ্রিল ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করেছে। ওই পাশের সিসিটিভি ক্যামেরা মেরামতের কাজের জন্য খোলা ছিল।

এ ঘটনায় মন্দির-সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে কী পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার এবং কত টাকা চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কীভাবে চুরির ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে।