মুন্সীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান
ছবি: সংগৃহীত
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’-এ প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে র্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিশাত নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মহিউদ্দীন আহম্মেদ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও বাল্যবিবাহ এখনো বড় সামাজিক চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং অভিভাবকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের সমান সুযোগ দিতে হবে।