চাঁদপুরে জেলেদের ৫ টন চাল চুরির অভিযোগে ইউপি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

চাঁদপুরে জেলেদের ৫ টন চাল চুরির অভিযোগে ইউপি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের নিবন্ধিত জেলেদের জন্য বরাদ্দকৃত চাল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সেক্রেটারি) গোলাম মোস্তফা শামীমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

জেলা প্রশাসক জানান, গত রোববার চাল জব্দের পরপরই ওই প্রশাসনিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদে প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত রোববার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম অভিযান চালিয়ে একটি মিনি ট্রাকসহ প্রায় ৫ টন (৪ হাজার ৯৩০ কেজি) চাল জব্দ করেন। পরে জব্দকৃত চাল চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) গোডাউনে সংরক্ষণ করা হয়।

চালক শাহাদাত হোসেন জানান, তিনি চাঁদপুর সিএসডি গোডাউন থেকে চালগুলো নিয়ে কুমিল্লার লাকসামের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে হাজীগঞ্জে পৌঁছানোর পর তাঁকে চালগুলো ফিরিয়ে আনতে বলা হয়। জব্দকৃত বিক্রয় রসিদে (টোকেন) চালের পরিমাণ ৪ হাজার ৯৩০ কেজি উল্লেখ থাকলেও কোনো মালিকের নাম ছিল না।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণের জন্য চাল বরাদ্দ দেয় সরকার। এর অংশ হিসেবে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জন জেলের জন্য মোট ১১ দশমিক ২৫ টন চাল বরাদ্দ করা হয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই চাল বিতরণ না করে আত্মসাতের চেষ্টা করা হয়।