চাঁদপুরে ওজনে কারচুপি ও লাইসেন্সহীন উৎপাদনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সংগৃহীত ছবি
চাঁদপুরে লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন ও ওজনে কারচুপির দায়ে একটি বেকারি ও একটি ফিলিং স্টেশনকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়।
বিএসটিআই জানায়, স্ট্যান্ডার্ড মার্ক লাইসেন্স ছাড়াই কেক ও বিস্কুট উৎপাদন এবং বাজারজাত করায় সদর উপজেলার ‘মায়ের দোয়া বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বাবুরহাট এলাকার ‘শারমিন ফিলিং স্টেশন’-এ প্রতি ১০ লিটার ডিজেলে ৩৪০ মিলিলিটার ও অকটেনে ৪১০ মিলিলিটার জ্বালানি কম দেওয়ায় ফিলিং স্টেশন মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লার পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ এবং ফিল্ড অফিসার (সিএম) এস. এম. শাকিল ইউসুফ।