ঝিনাইদহে স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার
সাবেক স্বামী
ঝিনাইদহে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামে তার সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা লতিফা খাতুন (৩১) ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার পলাশ শৈলকুপা উপজেলার গাবলা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি শহরের একটি চক্ষু হাসপাতালে কর্মরত।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর সংসার করার পর গত ২১ ফেব্রুয়ারি লতিফাকে তালাক দেন পলাশ। তাদের সংসারে আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, তালাকের পর শিশুকন্যার সঙ্গে দেখা করার অজুহাতে শহরের পাগলাকানাই বেকাব্রিজ এলাকার ভাড়া বাসায় গিয়ে লতিফাকে প্রায়ই জোরপূর্বক ধর্ষণ করতেন পলাশ।
সর্বশেষ গত রবিবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে পলাশ কৌশলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। লতিফার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হওয়ার আগেই তিনি পালিয়ে যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, অভিযোগের ভিত্তিতে রোববার রাতেই পলাশকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।