মাহদী আমিনের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

মাহদী আমিনের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার। সোমবার (১২ অক্টোবর) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে নিয়মতান্ত্রিক, নিরাপদ ও বৈধ উপায়ে জনশক্তি রপ্তানি নিশ্চিতকরণ, অনিয়মিত অভিবাসন ও মানব পাচার রোধ এবং ইউরোপের শ্রমবাজারে দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা হয়েছে।

এ সময় ভিসা প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা আনার ওপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে যেকোনো ধরনের জালিয়াতি রোধ ও গ্রহণযোগ্যতা বাড়াতে শিক্ষাগত সনদ, ব্যাংক স্টেটমেন্টসহ আর্থিক নথিপত্রে কিউআর কোড সংযোজনের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা যাতে সহজে ও বৈধ চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠাতে পারেন এবং বাংলাদেশ থেকে মানসম্মত প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মী পাঠানোর মাধ্যমে ইউরোপের শ্রমবাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বাড়ানোর অন্যতম উপায় হচ্ছে অভিবাসন, এ ছাড়াও সেই সম্পর্ক উন্নয়নসহ বহুমাত্রিক বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যান, সেই প্রক্রিয়াকে আরও কীভাবে সহজ করা যায় তা নিয়েও আলোচনা হয়।

মাহদী আমিন বলেন, দীর্ঘদিন পর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নিয়মতান্ত্রিক, নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর।