ঝালকাঠি কারাগারে অসুস্থ হয়ে নারী হাজতির মৃত্যু

ঝালকাঠি কারাগারে অসুস্থ হয়ে নারী হাজতির মৃত্যু

প্রতিকি ছবি

ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামের এক নারী হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি একটি মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন।

কাজল রেখা ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন।

কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ বোধ করেন কাজল রেখা। খবর পেয়ে ঝালকাঠি জেলা কারাগারের চিকিৎসক ডা. জাবির হাসান তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। এ সময় তাঁর তীব্র শ্বাসকষ্ট ও শরীর শীতল হয়ে যাওয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে তিনটার দিকে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

ঝালকাঠি জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান নারী হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।