বাল্যবিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে: এস এম জিলানী
সংগৃহীত ছবি
বাল্যবিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি বলেছেন, বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। বাল্যবিয়ের খবর পেলেই আইনগত ব্যবস্থা নিতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, পুত্রসন্তানের মতো কন্যাশিশুদেরও সমান যত্ন নিতে হবে। শিক্ষা, খেলাধুলা ও চাকরির ক্ষেত্রে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমানতালে এগিয়ে যাচ্ছে। তাই শিশুদের বাল্যবিয়ে রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এস এম জিলানী।