মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টা, তরুণী আটক

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টা, তরুণী আটক

সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। হামলার চেষ্টার অভিযোগে এক তরুণীকে আটক করেছে পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবনের কাছ থেকে স্থানীয় একটি পূজামণ্ডপ উদ্বোধন করতে যাচ্ছিলেন মমতা। এ সময় অনুসূয়া সাহা নামের এক তরুণী আত্মীয় (মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নি) পরিচয়ে মমতার নিরাপত্তাবলয়ের কাছে পৌঁছে যান।

তৃণমূল নেতাদের অভিযোগ, ওই তরুণী মমতার শাড়ি টেনে ধরেন এবং তাকে ঘুসি মারার চেষ্টা করেন। এক পর্যায়, নিরাপত্তাবলয়ে প্রবেশের চেষ্টায় ব্যর্থ হলে ওই তরুণী গালিগালাজ শুরু করেন এবং রাস্তায় শুয়ে পড়েন। এ সময় তার কাছে ছুরি দেখতে পাওয়া যায়।

এরপর নিরাপত্তাকর্মীরা ওই তরুণীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুরো ঘটনার কারণ জানতে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে কালীঘাট থানার পুলিশ।

এদিকে ওই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতারা। জেড-প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে ওই তরুণী মমতার এত কাছে পৌঁছালেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তারা।

অভিযুক্ত তরুণীর মানসিক অবস্থা নিয়ে এখনও কোনো নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, হামলার অভিযোগ, ছুরি উদ্ধারের বিষয় এবং ঘটনার পেছনের উদ্দেশ্য সম্পর্কে জানতে তদন্তে নেমেছে কলকাতার পুলিশ।