ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় অসহনীয় দক্ষিণ-পূর্ব এশিয়ার বাতাস
ছবিঃ রয়টার্স
ইন্দোনেশিয়ার ভয়াবহ দাবানল থেকে সৃষ্ট ধোঁয়ার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বায়ু দূষণ আশঙ্কাজনক রূপ নিয়েছে।বুধবার (১৪ অক্টোবর) সিঙ্গাপুরে বায়ুদূষণের মাত্রা চলতি বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
একই দিনে বায়ুর গুণমান অত্যন্ত খারাপ হওয়ায় পূর্ব তিমুর তিন দিনের জন্য সব স্কুলে সরাসরি ক্লাস বন্ধ ঘোষণা করেছে।
রয়টার্স জানিয়েছে, সিঙ্গাপুরের পশ্চিমাঞ্চলে বাতাসে সূক্ষ্ম ধূলিকণার মাত্রা প্রতি ঘনমিটারে ২৮৪ মাইক্রোগ্রামে পৌঁছেছে। দেশটির পরিবেশ সংস্থা এই পরিস্থিতিকে ‘অত্যন্ত উচ্চ’ দূষণ হিসেবে চিহ্নিত করেছে। প্রতিবেশী দেশের দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ায় পূর্ব তিমুর সরকার ১৫ অক্টোবর থেকে তিন দিনের জন্য সশরীরে ক্লাস স্থগিত করেছে।
মালয়েশিয়ার বেশ কয়েকটি রাজ্যেও একই কারণে আগেই স্কুল বন্ধ করা হয়েছিল।
এল নিনোর প্রভাবে চরম শুষ্ক আবহাওয়ায় গত ১১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি ইন্দোনেশিয়া। পরিস্থিতি সামলাতে দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো অতিরিক্ত অগ্নিনির্বাপক কর্মী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। বর্তমানে ৬৯ হাজারের বেশি কর্মী আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মাটির নিচে পীটভূমির আগুন ধীরে ধীরে জ্বলে এবং সহজে নেভে না বলে ভারী বৃষ্টিপাত ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।
আগামী মাসে আসিয়ান বৈঠকে আন্তঃসীমান্ত ধোঁয়ার বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে। মালয়েশিয়ার সংসদ সদস্য সৈয়দ সাদিক জাকার্তার বিরুদ্ধে কড়া কূটনৈতিক প্রতিবাদ জানানো এবং জমি পোড়ানোর সাথে জড়িত সংস্থাগুলোকে অর্থায়ন বন্ধের আহ্বান জানিয়েছেন।