ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত ইমরান হাশমি

ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত ইমরান হাশমি

ছবিঃ সংগৃহিত।

বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর শুটিংয়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অ্যাকশন দৃশ্য ধারণের সময় ক্রেনের সাহায্যে ওপরে তোলা একটি গাড়ি উল্টে নিচে রাখা ভ্যানের ওপর পড়ে।

এ সময় গাড়িটি ইমরান হাশমির মুখের খুব কাছাকাছি চলে আসে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান অভিনেতা। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির ক্লাইম্যাক্সের দৃশ্য ধারণের সময় এ ঘটনা ঘটে। সম্প্রতি প্রকাশ্যে আসা শুটিংয়ের পেছনের দৃশ্যের একটি ভিডিওতে দেখা যায়, ক্রেনের সাহায্যে শূন্যে ঝুলিয়ে রাখা গাড়িটি হঠাৎ উল্টে যায়।

এরপর সেটি নিচে পার্ক করা একটি কালো ভ্যানের ওপর আছড়ে পড়ে। এ সময় গাড়িটি ইমরান হাশমির একেবারে কাছাকাছি চলে আসে।

তবে দৃশ্যটি সিনেমার চিত্রনাট্য অনুযায়ী ধারণ করা হচ্ছিল, নাকি শুটিংয়ের সময় কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত জুনেও সিনেমাটির শুটিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে শুটিং চলাকালে সেটে তৈরি করা বারসদৃশ দৃশ্যপটকে বাস্তব বার বলে ভুল করেন স্থানীয়দের কেউ কেউ।

এ নিয়ে এলাকায় উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

সে সময় সিনেমাটির প্রযোজক দীপক মুকুট জানিয়েছিলেন, কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য তাঁদের ছিল না। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়েই শুটিং করা হচ্ছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করা হয়েছে বলেও জানান তিনি।

আদিত্য দত্ত পরিচালিত অ্যাকশন-রোমান্টিক সিনেমা ‘গানমাস্টার জি৯’-এ ইমরান হাশমির সঙ্গে অভিনয় করছেন জেনেলিয়া ডি’সুজা, অপারশক্তি খুরানা ও অভিষেক সিং। ২০২৬ সালের ২৭ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

এদিকে ইমরান হাশমিকে সর্বশেষ দেখা গেছে ‘আওয়ারাপন টু’ সিনেমায়। নতুন সিনেমার শুটিংয়ে গাড়ি উল্টে পড়ার দৃশ্য প্রকাশ্যে আসার পর আবারও আলোচনায় এসেছেন এই অভিনেতা।