শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করার আহ্বান সাঈদ আল নোমানের
ছবি: সংগৃহীত
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের উপযুক্ত করে প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেছেন, চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে শিক্ষাব্যবস্থার উন্নয়নে আন্তরিক ভূমিকা রাখতে হবে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য সাঈদ আল নোমান আরও বলেন, শিক্ষার্থীদের সাধারণ পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এ লক্ষ্য অর্জনে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদেরও প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন, পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক রীতা দত্ত ও সালাহ্ উদ্দীন মোহাম্মদ রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিত্রা চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজনের আহ্বায়ক জ্যেষ্ঠ শিক্ষক দীপন কান্তি দাশ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রবর্তক সংঘের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে জারিগান, দেশাত্মবোধক গানের সঙ্গে দলীয় নৃত্য এবং প্রবর্তকের ইতিহাসভিত্তিক বৃন্দ আবৃত্তি পরিবেশন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মুক্তা দত্ত ও জ্যেষ্ঠ শিক্ষক সীমা রানী দেব।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।