সোনাতলায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ইউসুফ আলী (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বড় বালুয়া এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইউসুফ আলী পাশের শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মাহাবালা গ্রামের উজ্জ্বল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে সোনাতলা উপজেলার বড় বালুয়া বাজার এলাকা থেকে নিখোঁজ হয় ইউসুফ। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনেরা। পরদিন সোমবার (১২ অক্টোবর) এ ঘটনায় সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা উজ্জ্বল ইসলাম। আজ দুপুরে স্থানীয় কৃষকেরা ধানখেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, শিশুটির শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত ছিল। আঘাতের তীব্রতায় তার হাত-পায়ের গোড়ালি ও মাথার কিছু অংশ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়ায় সেগুলো উদ্ধারে ধানখেত ও পাশের পুকুরপাড়ে তল্লাশি চালানো হয়। প্রাথমিকভাবে ভারী বা ধারালো কোনো বস্তু দিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, শিশুটিকে নির্মমভাবে হত্যার ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যে জোর তদন্ত শুরু করেছে। এই অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।