চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডস প্রতিনিধি দল
সংগৃহীত ছবি
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জ্যোরিস ভ্যান বোমেল এর নেতৃত্বে ডাচ মেরিটাইম খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। এই পরিদর্শনের লক্ষ্য বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক মেরিটাইম সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ।
বন্দর সূত্র জানায়, ডাচ প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বন্দরের পূর্ণাঙ্গ অটোমেশন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে পেপারলেস পোর্ট কার্যক্রম, প্রথমবারের মতো পোর্ট কমিউনিটি সিস্টেম চালু, ওয়ান-স্টপ সার্ভিসের আওতায় অনলাইন বিলিং, পেমেন্ট ও ডেলিভারি কার্যক্রম এবং চবকের টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরের সাথে দেশটির ঐতিহাসিক, বাণিজ্যিক ও মেরিটাইম সম্পর্কের কথা স্মরণ করেন। ভবিষ্যতে প্রযুক্তিগত ও কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিনিধি দলে থাকা শীর্ষস্থানীয় ডাচ প্রতিষ্ঠানসমূহ চট্টগ্রাম বন্দরের সার্বিক দক্ষতা বৃদ্ধি, গ্রিন পোর্ট উদ্যোগ ও আধুনিক পোর্ট ম্যানেজমেন্ট ব্যবস্থায় তাদের প্রস্তাবনা ও বক্তব্য তুলে ধরে। চট্টগ্রাম বন্দর ও ডাচ প্রতিনিধি দলের মধ্যে ড্রেজিং, লজিস্টিকস এবং টার্মিনাল অপারেশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রতিনিধি দলটি বন্দরের অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করতে বন্দরের বিভিন্ন ইয়ার্ড ঘুরে দেখেন।