রপ্তানি বহুমুখীকরণে গবেষণা সেল গঠন

রপ্তানি বহুমুখীকরণে গবেষণা সেল গঠন

ফাইল ছবি

রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজারের সম্ভাবনা চিহ্নিত করা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি জোরদার করতে গবেষণা কার্যক্রম শুরু করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এর অংশ হিসেবে সংগঠনটির ‘রপ্তানি গবেষণা সেল’-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হক।

এফবিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রপ্তানি বহুমুখীকরণ, সম্ভাবনাময় খাতগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং এসব খাতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সম্প্রতি সব চেম্বার ও অ্যাসোসিয়েশনে রপ্তানি গবেষণা সেল গঠনের নির্দেশ দিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় এফবিসিসিআইও এ সেল গঠন করেছে।

সেলটি বাজার বিশ্লেষণ, নীতিগত বিষয়ে সুপারিশ ও উদ্যোগ গ্রহণ এবং বিভিন্ন চেম্বার ও খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গবেষণা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে।

সভায় এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক সংগঠনটির সদস্যভুক্ত সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে নিজ নিজ খাতের নির্ভরযোগ্য তথ্য ও পরামর্শ দিয়ে গবেষণা সেলকে সহযোগিতা করার আহ্বান জানান।

এর আগে সেলের কার্যক্রম নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর। পরে মুক্ত আলোচনায় বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় সরাসরি ও ভার্চ্যুয়ালি অংশ নেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

এছাড়া তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বিকেএমইএ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), চাঁদপুর উইমেন চেম্বার, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং হালকা প্রকৌশল ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের প্রতিনিধিরা সভায় অংশ নেন।