মেহেরপুরে তথ্য যাচাই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক সেমিনার

মেহেরপুরে তথ্য যাচাই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক সেমিনার

সংগৃহীত

মেহেরপুর জেলায় আজ ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ এবং সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা নিশ্চিত করতে মেহেরপুরে গণমাধ্যমকর্মীদের সচেতনতা ও ফ্যাক্ট চেকিংবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। 

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এ সেমিনারে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন ও আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. আতিকুর রহমান মুফতি। 

জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। এসব তথ্য যাচাই না করে প্রচার করা হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই, একাধিক সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করা প্রয়োজন।

সেমিনারে তথ্য যাচাইয়ের কৌশল, গুজব শনাক্তকরণ এবং গণমাধ্যমে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পরিবেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী এ সেমিনারে জেলার ৩০ জন সংবাদ কর্মী অংশগ্রহণ করেন।