সাফে আসছেন রোনান সুলিভান
ফাইল ছবি
আসন্ন সাফ টুর্নামেন্টের জন্য আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভানকে চেয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ থমাস ডুলি। কিন্তু কলেজের ব্যস্ততার জন্য আসা অনিশ্চিত ছিল রোনানের। অবশেষে বাফুফেকে আজ সাফ উপলক্ষ্যে তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জাতীয় দল কমিটির সদস্য নন। সভাপতি তাবিথ আউয়াল তাকে প্রবাসী ফুটবলার নিয়ে কাজের নির্দেশনা দিয়েছেন। তাই প্রবাসী ফুটবলারদের বিষয়ে তিনি আপডেট দেন মিডিয়ায়। আজ রোনানের সাফের বিষয়ে বলেন, ‘আজকেই সে আমাকে কনফার্ম করেছেন যে, সে আসতে পারবে। আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করব।’
রোনানের বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছে থাকলেও আমেরিকান কলেজ কোচের কাছ থেকে ছুটি মিলছিল না। রোনানের ছুটি প্রসঙ্গে ফাহাদ বলেন, ‘সে ১-১৮ নভেম্বর পর্যন্ত ছুটি পেয়েছে। এই সময় সে সাফে খেলার জন্য প্রস্তুত। আমরা ঐ সময়ের মধ্যে তার জন্য ফ্লাইট টিকিট নির্ধারণ করব।’
মালদ্বীপে সাফ অ-২০ টুর্নামেন্টে টাইব্রেকারে রোনান সুলিভানের পানেনকা শটে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ফ্রি-কিক ও হেডে দুটি গোল করে দলকে ২-০ ব্যবধানে জেতান রোনান। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন রোনান।
এরপর থেকে বাংলাদশে সিনিয়র দলে তাকে খেলানো নিয়ে চলছে আলোচনা। আমেরিকার ফিলাডেলফিয়ায় পড়াশোনা ও ফুটবলে ব্যস্ত থাকায় তিনি আর বাংলাদেশের হয়ে খেলার সময় দিতে পারেননি। এএফসি অ-২০ চ্যাম্পিয়নশীপ বাছাইয়ে তাকে ছাড়াই খেলেছে বাংলাদেশ।
৫ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। রোনান নভেম্বরের ১ কিংবা ২ তারিখে ফিলাডেলফিয়া থেকে রওনা হলে ২-৩ নভেম্বর ঢাকায় পৌছাতে পারবেন। ভ্রমণক্লান্তি ও জাতীয় দলের সঙ্গে স্বল্প অনুশীলনে কোচ ডুলি তাকে ৫ নভেম্বর ম্যাচে ব্যবহার করেন কিনা সেটাই দেখার বিষয়। তবে রোনান স্কোয়াডে থাকলে বাংলাদেশের ফরোয়ার্ড লাইনের শক্তি বাড়বে অনেক।
আগামী ৫-১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল অংশ নিতে না পারায় এবার খেলছে ছয়টি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপ পর্ব শেষে ১৪ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল ১৭ নভেম্বর।