ফোন চার্জ দেওয়ার সময় কি কভার খুলে রাখা জরুরি?
ফাইল ছবি
স্মার্টফোনকে দুর্ঘটনাবশত পড়ে যাওয়া বা আঁচড় থেকে বাঁচাতে ব্যাক কভার ব্যবহারের প্রচলন সর্বজনীন। তবে প্রতিদিনের এই প্রয়োজনীয় অনুষঙ্গটিই চার্জ দেওয়ার সময় বড় বিপদের কারণ হতে পারে বলে সতর্ক করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। চার্জ করার সময় ব্যাক কভার না খোলার কারণে ফোন অতিরিক্ত গরম হয়ে ব্যাটারির আয়ু দ্রুত হ্রাস পেতে পারে।
কভার পরে চার্জ দিলে কী সমস্যা হয়?
ফোন চার্জে বসানো হলে ব্যাটারির অভ্যন্তরীণ রাসায়নিক বিক্রিয়ার কারণে স্বাভাবিকভাবেই তাপ উৎপন্ন হয়। ফাস্ট চার্জিং প্রযুক্তিতে এই তাপমাত্রার পরিমাণ আরও বাড়ে। ফোনে মোটা বা তাপ নিরোধক মেটেরিয়ালের কভার লাগানো থাকলে সেই উৎপাদিত তাপ বাইরে বের হতে বাধা পায়।
স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি নির্দিষ্ট তাপমাত্রায় সবচেয়ে ভালো কার্যক্ষম থাকে। অতিরিক্ত তাপে দীর্ঘ সময় চার্জ দেওয়া হলে ব্যাটারির রাসায়নিক ক্ষয় ত্বরান্বিত হয়, যার ফলে ব্যাটারির চার্জ ধরে রাখার সক্ষমতা স্থায়ীভাবে কমে যায়।
সুরক্ষিত চার্জিংয়ের জন্য বিশেষজ্ঞদের ৫টি টিপস
১.অতিরিক্ত গরম হলে কভার খুলুন: ফোন চার্জে দিলে যদি স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হয়, তবে অবিলম্বে কভারটি খুলে ফেলুন।
২.বিছানা বা বালিশের ওপর রাখবেন না: বালিশ, মেট্রেস বা কাপড়ের মতো তাপ কুপরিবাহী জায়গায় ফোন রেখে চার্জ দেওয়া থেকে বিরত থাকুন।
৩.চার্জিং অবস্থায় গেম নয়: চার্জিং চলাকালীন গেম খেলা বা ভারী অ্যাপ্লিকেশন ব্যবহার করা বন্ধ রাখুন।
৪.অরিজিনাল চার্জার ব্যবহার করুন: ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দেওয়া কিংবা অনুমোদিত ও বিশ্বস্ত ব্র্যান্ডের চার্জার ব্যবহার করুন। নিম্নমানের বা নকল চার্জার ব্যবহারে ফোন মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে।
৫.বিপদের সংকেতে দ্রুত ব্যবস্থা: ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে চার্জার থেকে সংযোগ বিচ্ছিন্ন করুন এবং ফোনটি স্বাভাবিক তাপমাত্রায় আসতে দিন। বারবার এমন হলে দ্রুত সারভিস সেন্টারে ব্যাটারি ও চার্জার পরীক্ষা করানো উচিত।