দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ
ফাইল ছবি
দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের সকল ধরনের পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ছুটি পূর্ববর্তী শেষ কর্মদিবস হিসেবে ব্যাপক ব্যবস্থায় ছিল বন্দরের কার্যক্রম। শনিবার থেকে ছুটিতে থাকছে ত্রিদেশীয় বাণিজ্যিক কেন্দ্র খ্যাত বুড়িমারী স্থলবন্দর।
বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ জানান, সনাতন ধর্মালম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার ছুটির বিষয়ে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীদের সকল সংগঠনের নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক, শনিবার ১৭ অক্টোবর থেকে পরবর্তী বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত ৬ দিন বুড়িমারী স্থলবন্দরের সকল ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পূজার এ ছুটির সাথে ১৬ ও ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে ছুটি বেড়ে দাঁড়িয়েছে ৮ দিন।
ফলে ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের সকল ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম। আগামী ২৪ অক্টোবর শনিবার যথারীতি বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশন ও সিএনএফ কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ ৮ দিন বন্ধ থাকবে। আগামী ২৪ অক্টোবর শনিবার বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিকভাবেই চলবে।