সংবিধানে সব নাগরিকের সমান অধিকার, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব: ত্রাণমন্ত্রী

সংবিধানে সব নাগরিকের সমান অধিকার, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব: ত্রাণমন্ত্রী

ছবি: সংগৃহীত

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,‘সবাই দেশের নাগরিক। হিন্দু-মুসলিম সকলের সমান অধিকারের কথা সংবিধানে বলা হয়েছে। প্রতিটি নাগরিক যেন এই অধিকার ভোগ করতে পারেন, তার নিশ্চয়তা দেওয়া সরকারের দায়িত্ব।’

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার ১৬২টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে চাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ ছাড়া লালমনিরহাট পৌরসভার ২৫টি মন্দিরে মোট ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি মন্দির এলাকার ১০ জন করে হতদরিদ্র মানুষের মধ্যে ৩০ কেজি করে চাল ও বস্ত্র বিতরণ করা হয়।

আলোচনা সভায় মন্ত্রী আরও বলেন, উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে সবাই যাতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি সরকারি মানবিক সহায়তাও নিশ্চিত করা হয়েছে।

চলতি বছর লালমনিরহাট জেলায় মোট ৪৭৯টি মন্দিরে দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা জোরদারে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় রাজনৈতিক নেতারা।