পূজার ছুটিতে নির্বিঘ্ন যাতায়াতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে: নৌ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজার ছুটিতে ঘরমুখী ও ভ্রমণপিপাসু মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের মতো প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া-আরিচা এবং রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট পরিদর্শন শেষে পাটুরিয়া ঘাট এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন,‘পূজার ছুটিতে যারা বাড়িতে যাবেন, কিংবা বেড়াতে যাবেন, সেইটা মাথায় রেখে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। সাধারণ মানুষের চলাচলে যাতে কোন বিঘ্ন না ঘটে, তারা যেন স্বাচ্ছন্দে যেতে পারে এবং ফিরে আসতে পারে। আমরা ঈদের সময় যে ধরনের প্রস্তুতি রাখি প্রায় কাছাকাছি প্রস্তুতি রেখেছি। আর সেটি লঞ্চ, ফেরি, বাস থেকে শুরু করে রেলওয়েসহ সকল জায়গায় প্রস্তুতি রেখেছি। যাত্রীরা যাতে নিরাপদে যেতে পারে এবং আসতে পারে। আমরা যাতায়াতের ব্যবস্থাগুলো সহজ করার চেষ্টা করছি। বাসগুলো থেকে যেন সঠিকভাবে যাত্রী নামিয়ে ফেরিতে উঠানো হয়। ঘাটগুলোর যেখানে সমস্যা আছে সেগুলো আমরা ঠিক করে দিচ্ছি।’
নদীতে নাব্যতা সংকটের কারণে যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,‘নদী ভাঙ্গন বা পানির লেয়ার কমে যাওয়ার কারণে যদি সমস্যা হয়, সেজন্য আমাদের প্রত্যেক জায়গায় বিকল্প ঘাট রেডি আছি। আমরা খুব আশাবাদী যে, এবার পুজোর অনেক লম্বা ছুটি, মানুষ খুব উৎসব মুখের পরিবেশে এ ছুটিটা উপভোগ করবে এটাই আমরা চাচ্ছি।’
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার, বিআইডব্লিউটিএর সদস্য প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদার, প্রধান প্রকৌশলী ফাইদুর রহমান, নৌসপ পরিচালক ক্যাপ্টেন শাহজাহান, নির্বাহী প্রকৌশলী হাসান আহমেদ, প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।