সিরাজগঞ্জে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, গ্রেফতার ৩
প্রতিকি ছবি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার শাহজাহানপুর উপজেলার ট্রাক চালক মহিদুল ইসলাম (২৬), তার সহকারী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, গত ৭ অক্টোবর রাত তিনটার দিকে রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির ৪০০টি গ্যাসের সিলিন্ডার একটি ট্রাকে তোলা হয়। এরপর ট্রাকটি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন চালক ও তার সহকারীরা। পথে রৌহা ব্রীজ এলাকায় পৌঁছালে ১৫-১৬ জন ব্যক্তি ট্রাকটির গতিরোধ করেন। এ সময় তারা চালক আসিফসহ ট্রাকে থাকা ব্যক্তিদের ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেয়।
পরে তাদের মধ্যে দুজন চালকের পাশের আসনে বসে ট্রাকটির নিয়ন্ত্রণ নেন। ভোর চারটার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার কবরস্থানের পাশে একটি ফাঁকা সড়কে ট্রাকটি থামানো হয়। সেখান থেকে দুটি মিনি ট্রাকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার তুলে নিয়ে যায় ডাকাত দল। এ সময় চালক ও তার সহকারীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও লুট করা হয়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিরচর (গোপচর) এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিউল্লাহ (৩০) বাদী হয়ে থানায় মামলা করেন। তিনি জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে আরও কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।