চাঁদপুরে অভয়াশ্রমে মা ইলিশ শিকার: ৮ জেলের কারাদণ্ড ও অর্থদণ্ড
ছবি: সংগৃহীত
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে আট জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এ সময় দুটি মাছ ধরার নৌকা, ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৬ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ ভোর চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের যৌথ উদ্যোগে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে আট জেলেকে হাতেনাতে আটক করা হয়।
আটক জেলেরা হলেন—চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মো. মমিন গাজী (২৮), মো. তাজুল ইসলাম (৪৩), কামাল বেপারী (৩৭) ও মো. শাহ আলম (২০)। অন্য চারজন হলেন লক্ষ্মীপুর জেলার মো. নোমান (২০), মো. শিপন (১৯), মো. তারেক (২০) ও কামরুল হোসেন (১৮)।
দুপুরে আটক জেলেদের চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা এবং অপর দুই জেলেকে ১৬ দিন করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেন।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, জব্দ করা দুটি ট্রলার বর্তমানে কোস্টগার্ড হেফাজতে রয়েছে। আইন অনুযায়ী জব্দ করা কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধার করা ৬ কেজি ইলিশ স্থানীয় একটি এতিমখানায় ও মাদ্রাসায় দান করা হয়েছে। মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।